রামগঞ্জে ইট বানাতে কৃষি জমির মাটি সাবাড়

*উর্বরতা শক্তি নষ্ট *ফসল উৎপাদন কমার আশঙ্কা *তদারকির অভাব *১৮ ভাটায় সরবরাহ *আইন অমান্য করে চলছে মাটি কাটা
আইন অমান্য করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ইট তৈরি করা হচ্ছে। এ উপজেলায় এখন ১৮টি ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। এতে মাটির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তদারকির অভাবে ভাটার মালিকেরা সহজেই মাটি কেটে নিয়ে যেতে পারছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষি কর্মকর্তার ভাষ্যমতে, জমির উর্বরতা শক্তি ওপর থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে থাকে। এই অংশে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামসহ বিভিন্ন উপাদান থাকে। এই উপাদান গাছকে ঘন সবুজ রাখে, শিকড় বিস্তারে সহায়তা করে, সময়মতো ফুল ফোটায় ও ফসল পাকায়, ফসলের গুণগত মান বাড়ায়, ডাল ও ফসলের ফলন বাড়ায়, শস্যের দানা পুষ্ট করে এবং উদ্ভিদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। তাই ওপর থেকে মাটি সরিয়ে ফেলায় উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় সেই জমির ওপর বিভিন্ন পদার্থ জমে উর্বরতা শক্তি ফিরে আসতে শুরু করে। এভাবে আগের মতো উর্বরতা শক্তি ফিরে আসতে কমপক্ষে ১০-১৫ বছর সময় লাগে। আর এভাবে মাটি বিক্রি অব্যাহত থাকলে একসময় ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে।
নোয়াগাঁও, চণ্ডীপুর, লামচর, ভাদুর ও দরবেশপুর ইউনিয়নে গিয়ে দেখা গেছে, আবাদি জমির ওপরের অংশ এক থেকে দুই ফুট গর্ত করে কাটা। এসব মাটি ট্রাক্টর ও ট্রাকে বোঝাই করে ইটভাটায় নেওয়া হচ্ছে।
সরকার এভাবে ফসলি জমির মাটি দিয়ে ইট তৈরি নিষিদ্ধ করেছে। এ জন্য আইনও করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১) ধারায় উল্লেখ করা হয়েছে, আপাতত অন্য আইনে যা-ই বলবৎ থাকুক না কেন, কোনো ব্যক্তি ইট তৈরি করার উদ্দেশ্যে কৃষিজমি বা পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে তা ব্যবহার করতে পারবেন না।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আইন অনুযায়ী ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার করা যায় না। এ বিষয়ে সরেজমিনে ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে চারজন ভাটামালিক বলেন, এক ট্রলি মাটিতে ৯০০ থেকে ৯৫০টি ইট উৎপাদন হয়। একটি ইটভাটায় প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রলি মাটির প্রয়োজন। সে হিসেবে ১৮টি ইটভাটায় প্রতিদিন গড়ে ৩৬০ থেকে ৪৫০ ট্রলি মাটির প্রয়োজন হয়। যেসব ভাটায় উৎপাদনক্ষমতা বেশি, সেগুলোতে আরও বেশি মাটি ব্যবহার করা হয়।
ইটভাটার মালিক ছানা উল্যা বলেন, ‘আমরা মাটি কিনে ব্যবসা করি। কৃষকেরা মাটি না বেচলে জোর করে মাটি নিতে পারতাম না। তাঁদের লাভ হয় বিধায় তাঁরা বিক্রি করছেন।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বলেন, ছয়-সাত বছর ধরে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক চলছে। একশ্রেণির ব্যবসায়ীরা এই মাটি কিনে রামগঞ্জের ইটভাটাগুলোতে বিক্রি করছেন। এখন উপজেলার প্রায় ৪০ শতাংশ কৃষক টাকার লোভে মাটি বিক্রি করছেন।
নোয়াগাঁও গ্রামের আবদুল ওয়াদুদ বলেন, ‘কয়েক দিন আগে ১৫ হাজার টাকায় ৩৫ শতাংশ জমির মাটির ওপর থেকে দুই ফুট বিক্রি করেছি। অভাব-অনটনের কারণে এই মাটি বিক্রি করেছি।’
চণ্ডীপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘১০ শতাংশ জমির মাটি বিক্রি করেছি ৬ হাজার টাকায়। পাশের জমির মালিক কয়েক বছর আগে তাঁর জমির মাটি বিক্রি করেন। এ কারণে আমার জমিতে এখন পানি থাকে না। তাই আমি মাটি বিক্রি করেছি।’
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ‘কৃষকদের মাটি বিক্রি না করার বিষয়ে সচেতন করার পরও তাঁরা আমাদের কথা শুনছেন না। নগদ টাকার আশায় তাঁরা মাটি বিক্রি করছেন। মাটি বিক্রি করে সাময়িক অভাব দূর হলেও উৎপাদন ব্যাহত হচ্ছে।’